ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ ছিল আর্সেনালের সামনে। কিন্তু ব্রেন্টফোর্ডের মাঠে সেই সুযোগটাই হাতছাড়া করল মিকেল আর্টেটার দল। বিবর্ণ এক পারফরম্যান্সে আর্সেনাল ১-১ গোলে ড্র করেছে ব্রেন্টফোর্ডের বিপক্ষে, ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেরা হয়নি লন্ডনের ক্লাবটির।
ম্যাচের শুরুতে বলের দখল ছিল আর্সেনালের কাছেই, কিন্তু আক্রমণে ছিল না তেমন ধার। ম্যাচের দশম মিনিটে ডেক্লান রাইসের ক্রস থেকে ব্রাজিলীয় ডিফেন্ডার গ্যাব্রিয়েল হেড নিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি। এরপর ২২ মিনিটে উল্টো দিক থেকে পাল্টা আক্রমণ আসে, ইগো চিয়াগোর হেড দুর্দান্ত দক্ষতায় বল ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক ডাভিড রায়া। প্রথমার্ধে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখেও একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি গানাররা।
দ্বিতীয়ার্ধে কিছুটা গতি বাড়ায় আর্সেনাল। ৬১ মিনিটে পিয়েরো ইনকাপিয়ার ক্রস থেকে দারুণ এক হেডে দলকে লিড উপহার দেন ননি মাদুয়েকে। গোলের পর মনে হচ্ছিল, কষ্টার্জিত হলেও তিন পয়েন্ট বুঝি আর্সেনালের হাতেই উঠবে।
কিন্তু সেই লিড বেশিক্ষণ টেকেনি। ৭১ মিনিটে থ্রো-ইন থেকে সেপ ফন ডেন বের্গের ফ্লিক পেয়ে চমৎকার হেডে সমতা ফেরান কিন লুইস-পটার। গোলটি যেন ব্রেন্টফোর্ডকে নতুন করে উজ্জীবিত করে তোলে।
পরিসংখ্যানও বলছে, ম্যাচে ব্রেন্টফোর্ড পিছিয়ে ছিল না। তারা মোট ১১টি শট নেয়, যার তিনটি ছিল লক্ষ্যে। আর্সেনাল নেয় সাতটি শট, লক্ষ্যে ছিল মাত্র দুটি। শেষ দিকে বরং জয়ের বেশি সুযোগ পায় স্বাগতিকরাই। ৮৮ মিনিটে চিয়াগো একক প্রচেষ্টায় এগিয়ে গেলেও সুযোগ নষ্ট করেন। যোগ করা সময়েও দুটি ভালো সুযোগ হাতছাড়া হয় তাদের। অন্যদিকে ম্যাচের একদম শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেলির শট দারুণভাবে রুখে দেন ব্রেন্টফোর্ড গোলরক্ষক, ফলে পয়েন্ট ভাগাভাগিতেই শেষ হয় লড়াই।
২৬ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট এখন ৫৭। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আর ৪০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ব্রেন্টফোর্ড। শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকার সুযোগ থাকলেও, এই ড্র আর্সেনালের জন্য নিঃসন্দেহে এক হতাশার রাত।