সম্ভাব্য অঘটনের সব আশঙ্কা উড়িয়ে দিয়ে এফএ কাপে দাপুটে জয় তুলে নিয়েছে আর্সেনাল। চতুর্থ রাউন্ডে উইগান অ্যাথলেটিককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চার প্রতিযোগিতাতেই শিরোপার লড়াইয়ে টিকে থাকল লন্ডনের ক্লাবটি। নিজেদের মাঠে শুরু থেকেই আগ্রাসী ফুটবল উপহার দেয় আর্সেনাল। ম্যাচের ১১ থেকে ২৭ মিনিট, মাত্র ১৬ মিনিটের ঝড়ে চারবার বল জালে পাঠিয়ে কার্যত প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে তারা। তৃতীয় বিভাগের দল উইগানের রক্ষণভাগকে বারবার কাটিয়ে ওঠা ছিল চোখে পড়ার মতো।
১৯৯২–৯৩ মৌসুমের পর এই প্রথম এফএ কাপের কোনো ম্যাচে প্রথম ৩০ মিনিটে চার গোল করল প্রিমিয়ার লিগের কোনো ক্লাব। ৩৪ বছরে এমন কীর্তি আর দেখেনি ইংল্যান্ডের শীর্ষ লিগ।
মাঝমাঠে নেমে খেলাকে নিয়ন্ত্রণে রাখেন এজে। তার নিখুঁত দুটি পাস থেকেই আসে প্রথম দুই গোল। দারুণ ফিনিশিংয়ে গোল করেন মাদুয়েকে ও গ্যাব্রিয়েল মার্টিনেলি। এর পর উইগানের দুর্ভাগ্যে ডিফেন্ডার জ্যাক হান্টের মাথায় লেগে আত্মঘাতী গোলে আরও একধাপ এগিয়ে যায় মিকেল আর্টেটার শিষ্যরা। কিছুক্ষণ পর নরগার্ডের কাছ থেকে বল পেয়ে ব্যবধান ৪-০ করেন গ্যাব্রিয়েস জেসুস।
গোলরক্ষক কেপার দিনটা তুলনামূলক সহজই ছিল। বিরতির পরও আর্সেনাল আক্রমণ অব্যাহত রাখে। গিয়োকেরেশের জোরালো শট বারপোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান আরও বাড়তে পারত। তবে প্রথম আধঘণ্টার ঝড়েই ম্যাচ নিজেদের মুঠোয় নিয়ে নেয় কোচ গানাররা।
এফএ কাপের পঞ্চম রাউন্ডে আর্সেনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে সোমবার রাতে।