টানা দুই ম্যাচ হেরে সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। ঘরোয়া কাপ কোপা দেল রেতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এক হালি গোল হযমের পর, রোবোবার দিবাগত রাতে জিরোনার বিপক্ষে ২-১ গোলে হেরে যায় হানসি ফ্লিকের দল। ফলে লিগ লিডার রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে রইলো কাতালান এই ক্লাবটি।
প্রতিপক্ষের মাঠে প্রথম হাফে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। প্রথম হাফের বাড়তি সময়ে পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন লামিন ইয়ামাল। বারপোস্টে মারেন স্প্যানিশ এই তারকা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৯ মিনিটে কুন্দের ক্রস থেকে কুবার্সি হেডে গোল করে দলকে লিড উপহার দেন। কিন্তু সমতায় ফিরতে দেরি করেনি স্বাগতিক জিরোনা। ঠিক দুই মিনিট পরেই জিরোনাকে সমতায় ফেরান লেমার।
এর পর ম্যাচের ৮৬ মিনিটে দলকে লিড উপহার দেন জিরোনার বেলট্রান। অবশ্য সমতায় ফিরতে পারত বার্সেলোনা। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বল জালে পাঠিয়েছিল বার্সেলোনা, তবে অফসাইডে ছিলেন লেভানডস্কি।
তার কিছুক্ষণ আগে জিরোনার এক খেলোয়াড় ইয়ামালকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে শেষ পর্যন্ত ১০ জনের জিরোনাকে হারাতে ব্যর্থ হয় বার্সেলোনা।
ফলে লিগ টেবিলে শীর্ষে ফেরাও হলো না তাদের। আসরে চতুর্থ হারের পর, ২৪ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।