ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের মুক্তি প্রতিক্ষীত আগামী ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর প্রচারণায় নতুন চমক নিয়ে হাজির হয়েছেন নির্মাতা। ঈদকে সামনে রেখে ৬ মার্চ ছবিটির তৃতীয় পোস্টার প্রকাশ করা হয়েছে। নতুন এই পোস্টারে ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যের লুক প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে উত্তেজনা। নতুন এই পোস্টারে দিব্যেন্দুকে ‘আফগান পাঠান’ হিসেবে দেখা গেছে। সিনেমাটিতে তিনি শাকিব খানের বিপরীতে প্রধান খলচরিত্রে অভিনয় করছেন বলে ধারণা করা হচ্ছে।
পোস্টারটিতে দেখা যায়, দিব্যেন্দুর চেহারার অর্ধেকটা জুড়ে জমাট বাঁধা রক্ত এবং তার তীক্ষè দৃষ্টি এক ধরণের ভীতিকর আবহ তৈরি করেছে। পোস্টারের উপরে বড় অক্ষরে লেখা রয়েছে, ‘আর মাত্র ১৩ দিন বাকি’।
পরিচালক আবু হায়াত মাহমুদ পোস্টারটি শেয়ার করে একে একটি ‘রহস্যময় উপস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন, সঙ্গে উল্লেখ করেছেন, ‘প্রিন্স’ সিনেমার খেলার নিয়ম বদলে দেবে। জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’, ‘মির্জাপুর’, ‘জামতারা’, ‘দ্য রেলওয়ে মেন’ এবং সিনেমা ‘মিশন রানীগঞ্জ’-এ অভিনয় করে দিব্যেন্দু ইতিপূর্বেই দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এবার শাকিব খানের সিনেমায় তাকে সম্পূর্ণ নতুন এক রূপে দেখা যাবে।
নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের সংমিশ্রণে তৈরি এই গল্পের প্রেক্ষাপটে দুই দেশের তারকারদের সমন্বয়ে তৈরি সিনেমাটি দর্শকদের বিনোদিত করবে বলে ভাবছেন অনেকে।