২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে নেই আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেই সময় থেকেই তিনি আমেরিকায় অবস্থান করছেন। ঢালিউডের এই নায়কের দেশে ফেরার বিষয়ে কোনো এখানো পাওয়া যায়নি। তবে সহসাই যে তিনি দেশে ফিরছেন না, এটা অনেকটা নিশ্চিত বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির অনেকেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে তাকে নিউইয়র্কের রাস্তায় কাজ করতে দেখা যায়। এরপরই সবাই জায়েদ খানের আমেরিকার জীবন নিয়ে কৌতুহলী হয়ে উঠেন। ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা জল্পনা।
তবে শেষ পর্যন্ত ছবিটির নেপথ্যের গল্প জানালেন নায়ক নিজেই। নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, ‘ কয়েকদিন ধরে একটি ছবিকে ঘিরে আমার অনেক শুভাকাঙ্খী ও ভক্তরা চিন্তিত ছিলেন। অনেকেই ছবিটি দেখে আমার খোঁজ নিয়েছেন, এমনকি কেউ কেউ সাহায্য করার কথাও বলেছেন। আপনাদের এই ভালোবাসা ও উদ্বেগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। ’
অবশ্য পরে জানা যায়, ভাইরাল হওয়া ছবিটি আসলে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য। ‘আমেরিকা ড্রিম’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে অনেকেই বাস্তব ঘটনা ভেবে ভুল করেছিলেন।
জানা গেছে, সিনেমাটির কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এতে তার সহশিল্পী সামিরা খান মাহী।
এটি ছাড়াও আমেরিকায় টক শো উপস্থাপনা, স্টেজ শো করেও নিজেকে ব্যস্ত রাখছেন জায়েদ খান।