উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে বড় ধাক্কা সামলে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে পিএসজি। স্বদেশি প্রতিপক্ষ এএস মোনাকোর মাঠে ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে মানসিকভাবে এগিয়ে গেল লুইস এনরিকের দল।
ম্যাচের শুরুটা ছিল একেবারেই পিএসজির পরিকল্পনার বাইরে। খেলা শুরুর মাত্র ৫৫ সেকেন্ডের মাথায় গোল হজম করে তারা। মাঝমাঠের ভুলের সুযোগ নিয়ে গলোভিনের বাড়ানো বল থেকে হেডে জাল খুঁজে নেন ফোলারিন বালোগুন। ১৮ মিনিটে আবারও আঘাত হানে মোনাকো, দ্বিতীয় গোলটিও করেন বালোগুন! একাই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ার পর ধীরে ধীরে ছন্দে ফেরে পিএসজি। পেনাল্টি পেলেও ভিতিনিয়ার শট ঠেকিয়ে দেন মোনাকো গোলরক্ষক। ২৭ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন উসমান ডেম্বেলে, যা প্রথমে নতুন দুশ্চিন্তা তৈরি করেছিল সফরকারীদের জন্য। কিন্তু বদলি নেমেই ম্যাচের গতি পাল্টে দেন বিস্মকর বালক দেজিরে দুয়ে। ৪১ মিনিটে তার শট প্রতিহত হলেও রিবাউন্ড থেকে গোল করে ব্যবধান কমান আশরাফ হাকিমি। প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়; দুঃস্বপ্নের শুরু কাটিয়ে লড়াইয়ে ফিরে আসে পিএসজি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরে যায়। ভিতিনিয়াকে ফাউল করে ৪৮ মিনিটে লাল কার্ড দেখেন গোলোভিন। ১০ জনের দলে পরিণত হওয়া মোনাকোর বিপক্ষে তখন চাপ বাড়াতে থাকে পিএসজি। ৬৭ মিনিটে সেই চাপের ফলও পায় তারা। ওয়ারেন জাইরে এমেরির পাস থেকে নিচু শটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন দুয়ে, এটাই হয়ে যায় জয়সূচক গোল।
ম্যাচে ৭৩ শতাংশ বলের দখল ও ২৯টি শট নিয়ে আধিপত্য দেখায় পিএসজি। শুরুতে পিছিয়ে পড়লেও মানসিক দৃঢ়তা ও আক্রমণাত্মক ফুটবলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে তাদের। আগামী সপ্তাহে নিজেদের মাঠে ফিরতি লেগে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা, যেখানে শেষ ষোলো নিশ্চিত করার লড়াইটা আরও জমে উঠবে।