৩৮ বছর বয়সেও সময় যেন তাকে স্পর্শ করতে পারেনি। গোল করছেন, করাচ্ছেন, ম্যাচের গতি বদলে দিচ্ছেন; সব মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রে অ্যাঞ্জেল ডি মারিয়া। শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রাল-এ তার দুর্দান্ত পারফরম্যান্স নতুন করে প্রশ্ন তুলেছে, আসন্ন বিশ্বকাপে কি আবার আকাশী-সাদা জার্সিতে দেখা যাবে এই কিংবদন্তিকে?
আর্জেন্টিনার লিগা প্রফেশনালে বারাকা সেন্ট্রালের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে একবার বল জালে জড়ান ডি মারিয়া। আগের দুই ম্যাচেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন ‘এল ফিদিও’। ৩৮ বছর পেরোনোর পর এই ক্লাবের ইতিহাসে গোল করা মাত্র চারজনের একজন তিনি, যা তার ফুরিয়ে না যাওয়ারই প্রমাণ।
এই পারফরম্যান্সই উসকে দিচ্ছে প্রত্যাবর্তনের গুঞ্জন। সমর্থক থেকে শুরু করে সাবেক ফুটবলার, অনেকেই চাইছেন তাকে আবার জাতীয় দলে দেখতে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপকে সামনে রেখে আলোচনা আরও জোরালো হয়েছে।
১৯৭৮ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার সাবেক গোলকিপার উবালদো মাতিলদা ফিল্লোল (এল পাটো) সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় বলেছেন, কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড় নাকি ডি মারিয়াকে ফেরাতে আগ্রহী। তার বিশ্বাস, লিওনেল স্কালোনির দলে আবারও জায়গা হতে পারে এই উইঙ্গারের।
ফিল্লোলের ভাষায়, ‘আমি মনে করি সে ভালো করছে। তার মধ্যে এখনো ক্ষুধা আছে, গতি আছে, গোল করার ক্ষমতা আছে।’ তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনার লিগ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এখানে সহজে কিছু পাওয়া যায় না। সেই লিগে নিয়মিত পারফর্ম করাই ডি মারিয়ার ফিটনেস ও মানসিক দৃঢ়তার প্রমাণ।’
২০২৪ সালের জুলাইয়ে জাতীয় দল থেকে অবসর নেন ডি মারিয়া। আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচে ৩১ গোল করা এই তারকা জিতেছেন কোপা আমেরিকা ও বিশ্বকাপ। দুই টুর্নামেন্টের ফাইনালেই করেছেন গুরুত্বপূর্ণ গোল।
তাই প্রশ্নটা এখন আর অবান্তর নয়। যদি ফর্মই হয় মাপকাঠি, তবে ডি মারিয়া এখনো প্রস্তুত।