চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপটের সঙ্গে সুপার এইটে উঠেছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালিকে হারিয়ে টানা চতুর্থ জয় নিশ্চিত করেছে ক্যারিবীয়রা। ইডেন গার্ডেনসে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শাই হোপ।
টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় ইতালি। ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৫ রানের শক্ত সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন শাই হোপ; ৪৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় সাজানো ইনিংস খেলেন তিনি। রস্টন চেজ ২৫ বলে করেন ২৪ রান, আর ১৫ বলে ২৪ রানে অপরাজিত থাকেন শেরফানে রাদারফোর্ড। ইতালির বেন মানেতি ও ক্রিশান কালুগামাগে নেন দুটি করে উইকেট।
জবাবে ইতালি শুরু থেকেই চাপে পড়ে। বেন মানেন্তির ২৬ ও জেজে স্মাটসের ২৪ রান ছাড়া উল্লেখযোগ্য কোনো প্রতিরোধ গড়তে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয় ইতালি। ৪২ রানের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
বল হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেন শামার জোসেফ, একাই শিকার করেন ৪ উইকেট। ম্যাথু ফোর্ড তিনটি এবং গুদাকেশ মোতি নেন দুটি উইকেট। চার ম্যাচে চার জয় নিয়ে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ এখন সুপার এইটের লড়াইয়ে আরও বড় পরীক্ষার অপেক্ষায়।