টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ম্যাচটির। তবে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বৃষ্টির শঙ্কা।
কলম্বোর আকাশে মেঘের ঘনঘটা দেখা গেছে, বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমনকি টসের সময়ও বৃষ্টির আভাস দিয়েছে বিভিন্ন আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এমন পূর্বাভাস সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে।
এই লড়াইটি দুই দলের জন্যই রোমাঞ্চকর। যে দল জিতবে, সেমিফাইনালের পথে তারা এগিয়ে যাবে একধাপ। এমন অবস্থায় বৃষ্টির সম্ভাবনা ম্যাচের উত্তেজনায় নতুন অনিশ্চয়তা যোগ করেছে। গত ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচেও বৃষ্টির শঙ্কা ছিল, তবে সেদিন খেলা নির্বিঘ্নে সম্পন্ন হয়। যদিও গতকাল বৃষ্টির কারণে পাকিস্তানের অনুশীলনে বিঘ্ন ঘটেছিল, তাই আজও শঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সুপার এইটের ম্যাচের জন্য কোনো রিজার্ভ-ডে নেই। ফলাফল পেতে হলে অন্তত ৫ ওভার করে খেলতে হবে দুই দলকে। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত ৯০ মিনিট রাখা হয়েছে। ম্যাচ পরিত্যক্ত হলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে, যা সেমিফাইনালের সমীকরণ কঠিন করে তুলতে পারে।
টি-টোয়েন্টিতে দুই দলই প্রায় সমানে সমান। ৪৯ বার মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান জিতেছে ২৪ ম্যাচ, নিউজিল্যান্ড ২৩টিতে। বাকি দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।