মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে বোলিংয়ে আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত ফাইনালে ৪৬ রানের জয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত নারী ক্রিকেট দল।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তোলে ভারত। দলের পক্ষে তেজাল হাসাবনিস ৩৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। অধিনায়ক রাধা যাদব করেন ৩৬ রান, দীনেশ ব্রিন্দার ব্যাট থেকে আসে ১৯ রান।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক ফাহিমা খাতুন দুর্দান্ত বোলিং করেন। ২৫ রান খরচায় ৪ উইকেট নিয়ে ভারতকে বড় সংগ্রহ গড়তে দেননি তিনি।
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৬ রান তোলে তারা। তবে এরপরই ধস নামে ব্যাটিংয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ৫ বল বাকি থাকতে ৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার শামিমা সুলতানা। শারমিন সুলতানা করেন ১৮, ফাহিমা খাতুন ১৪ এবং সাদিয়া আক্তার ১০ রান। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন প্রেমা রাওয়াত। এ ছাড়া সোনিয়া ও তানুজা দুটি করে উইকেট শিকার করেন।
২০২৩ সালে হংকংয়ে প্রথম আসরেও বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এবারও ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ধরে রাখল তারা।