হরমুজ প্রণালিতে মাইন স্থাপনরত যেকোনো ইরানি নৌযান দেখলেই তা ধ্বংস করার জন্য মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছে সিএনএন।
ট্রাম্প লিখেছেন, ‘আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, হরমুজ প্রণালিতে মাইন বসাতে আসা যেকোনো ছোট বা বড় নৌকা দেখলেই যেন তা গুলি করে ধ্বংস করা হয়। এ ক্ষেত্রে কোনো দ্বিধা করা যাবে না। (ইরানের ১৫৯টি নৌ-জাহাজের সবগুলোই এখন সমুদ্রের তলদেশে!)।’
একই সঙ্গে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি থেকে মাইন সরানোর কাজও চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, “আমাদের মাইন ‘সুইপার’ (মাইন অপসারণকারী) জাহাজগুলো এই মুহূর্তে প্রণালি পরিষ্কারের কাজ করছে। আমি নির্দেশ দিচ্ছি, এই কাজ যেন অব্যাহত থাকে। তবে এখন থেকে মাইন সরানোর কাজ আগের চেয়ে তিন গুণ গতিতে করতে হবে!’
গত মাসেও ট্রাম্প একই ধরনের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করতে আসা যেকোনো জাহাজে মার্কিন নৌবাহিনী হামলা চালাবে।
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ বাড়তে থাকায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সচল রাখার বিষয়ে ট্রাম্প যখন আলোচনা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই বিষয়টি আবার সামনে এল।
ট্রাম্প ও তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বারবার দাবি করে আসছেন, ইরানের নৌবাহিনীতে থাকা প্রায় দেড়শটি জাহাজ এরই মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে।
তবে সিএনএনের আগের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কাছে এখনও ছোট নৌকার মতো কিছু যুদ্ধযান রয়ে গেছে।