যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম দেশের সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হয়েছেন। জাতীয় নারী দলের পেসার জাহানারা আলমের অভিযোগের সত্যতা পাওয়ার পর গতকাল রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনার সূত্রপাত হয়েছিল জাতীয় নারী দলের দায়িত্ব পালনকালে মঞ্জুরুল ইসলামের আচরণ নিয়ে। সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম অভিযোগ করেছিলেন, নির্বাচক থাকাকালে মঞ্জুরুল তাকে যৌন হয়রানি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিসিবি একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল। তদন্তের পর কমিটি জাহানারার আনা চারটি অভিযোগের মধ্যে দুটির সত্যতা প্রমাণিত করে।
তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী রোববার বোর্ড সভায় মঞ্জুরুলকে দেশের ক্রিকেট থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও, দেশে ফেরার পর বা দেশের কোনো পর্যায়ের ঘরোয়া ক্রিকেটে তিনি আর কোনো ভূমিকা পালন করতে পারবেন না।
সূত্র আরও জানিয়েছে, ভুক্তভোগী জাহানারা আলম চাইলে ব্যক্তিগতভাবে মঞ্জুরুলের বিরুদ্ধে ফৌজদারি বা আইনি ব্যবস্থা নিতে পারবেন। বিসিবি তাকে সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দিয়েছে। নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রিকেটের পরিবেশ স্বচ্ছ রাখার স্বার্থে বোর্ড এই ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।