চাহিদা বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), যা সোমবার থেকে কার্যকর হবে। রোববার জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া বর্ধিত হারে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বিপিসি সূত্রে জানা গেছে, এতদিন তেল বিক্রির ক্ষেত্রে পূর্ববর্তী বছরের একই সময়ের বিক্রির পরিমাণকে ভিত্তি ধরে সরবরাহ দেওয়া হচ্ছিল। নতুন এ সিদ্ধান্তে সেই সীমা বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান চাহিদা মেটাতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক। তিনি বলেন, ‘সরকার সরবরাহ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা ইতিবাচক। তবে বর্তমান চাহিদার তুলনায় এটি এখনো পর্যাপ্ত নয়। সরবরাহ আরও বাড়ানো গেলে ভোক্তাদের ভোগান্তি কমবে এবং পাম্পগুলোতে যে দীর্ঘ লাইন হয় তা আর থাকবে না।’