কোরবানি ঈদ উপলক্ষে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) থেকে আগামী ২১ মে পর্যন্ত ১০ দিন এই কার্যক্রম চলবে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ঢাকার আগারগাঁও এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ট্রাকসেলের’ মাধ্যমে প্রায় দুই কোটি ৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। যেকোনো ভোক্তা এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। প্রতিদিন সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে। ১০ দিন (শুক্রবার ব্যতীত) প্রতিটি ট্রাক থেকে চিনি ও মসুর ডালসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন ৪০০ জন।
ঈদ উপলক্ষে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে চলতি মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। কার্ডধারী পরিবারের কাছে প্রতিমাসে ভর্তুকি মূল্যে বিক্রয়কৃত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।
একজন ভোক্তা ১৩০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল; ৮০ টাকা দরে ১ কেজি চিনি ও ৭০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।
ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ছয়টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে।