টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের মানুষের কাছে বিক্রির জন্য দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন কিনছে সরকার। দুই লিটারের বোতলে করে সিডস ক্রাশিং মিলস লিমিটেড ও শবনম ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিস লিমিটেড এই তেল সরবরাহ করবে।
অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এসব তেল কেনা হচ্ছে। এর জন্য সরকারের খরচ হবে ৩৬৮ কোটি ৯০ লাখ টাকা। মঙ্গলবার (১২ মে) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তেল ও ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এর আগে, গত ২৩ মে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কেনার অনুমোদন মেলে। উন্মুক্ত পুনঃদরপত্র (আন্তর্জাতিক) পদ্ধতিতে আমেরিকার পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএলসি থেকে এই তেল কেনায় ১৮১ কোটি ২৯ লাখ ছয় হাজার ৯৩২ টাকা ব্যয় হবে বলে তথ্য দেয় অর্থ মন্ত্রণালয়।
পাম অলিন হল পাম ফলের শাঁস থেকে উৎপাদিত পাম অয়েলের একটি তরল ভগ্নাংশ, যা মূলত ভোজ্যতেল হিসেবে ব্যবহার করা হয়।