দেশের বাজারে বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দুই হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দুই হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে, গত ২৪ জুলাই ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমানো হয় তিন হাজার ৩২৪ টাকা। এই দাম কমানোর তিনদিন পর এখন বাড়ানো হলো।
সোনার মতো রুপার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে চার হাজার ৬৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে তিন হাজার ৯০৭ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে দুই হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।