ইরান থেকে ছোড়া সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা বলেছিল কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এর পরপরই রাজধানী দোহায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ভূখণ্ড লক্ষ্য করে চালানো একাধিক হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পূর্বনির্ধারিত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী হুমকি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তা মোকাবিলা করা হয়। কাতারের আকাশসীমায় প্রবেশের আগেই সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
তারা আরও জানায়, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।