কাতার তাদের দেশে এবং প্রতিবেশী কয়েকটি আরব রাষ্ট্রে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরবি ভাষায় দেওয়া এক পোস্টে কাতার এই ঘটনাকে তাদের ‘জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে।
পোস্টে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার কাতার সংরক্ষণ করে। তেহরানের এই পদক্ষেপ প্রমাণ করে, তারা ওয়াশিংটন ও অন্যান্য দেশের সঙ্গে দোহার চলমান মধ্যস্থতা প্রচেষ্টাকে যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে।
এতে বলা হয়, ‘কাতার রাষ্ট্র সর্বদা আঞ্চলিক সংঘাত থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছে এবং ইরান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সংলাপ সহজতর করতে কাজ করেছে। তবে কাতারের ভূখণ্ডে বারবার লক্ষ্যবস্তু বানানো সদিচ্ছার প্রতিফলন ঘটায় না এবং এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরান পাল্টা আঘাত হিসেবে কাতার ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তথ্যসূত্র: সিএনএন