ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে তাদের চালানো হামলাগুলোর মূল লক্ষ্য ছিল এমন কিছু নির্দিষ্ট স্থান, যেখানে ইরানের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ও নিরাপত্তা কর্মকর্তারা সমবেত হয়েছিলেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আইডিএফ।
বিবৃতিতে জানানো হয়, এই অভিযানের জন্য আইডিএফ দীর্ঘ কয়েক মাস ধরে পরিকল্পনা করেছিল। ইরানের শাসকগোষ্ঠীর শীর্ষ নেতারা কখন এক জায়গায় জড়ো হবেন, সেই মোক্ষম সুযোগ কাজে লাগাতেই তাদের সামরিক গোয়েন্দা সংস্থা পুরো মনোযোগ দিয়েছিল।
বিবৃতিতে দাবি করা হয়, রাতের পরিবর্তে ভোরের দিকে হামলা চালানোয় তারা ‘কৌশলগত চমক’ দিতে সক্ষম হয়েছে।
আইডিএফ বর্তমানে এই হামলার ফলাফল ও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তথ্যসূত্র: বিবিসি