লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডকে অবৈধ বর্ণনা করে সশস্ত্র এ গোষ্ঠীটিকে তাদের অস্ত্র হস্তান্তরের দাবি জানিয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, আমরা হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করছি ও তাদের কার্যক্রমকে কেবল রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ করছি। আমাদের দাবি, সামরিক প্রতিষ্ঠানগুলো যেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে।
প্রধানমন্ত্রী সালাম ২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি পুনরায় আলোচনা শুরু করার ওপর জোর দেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করেছে ইসরায়েল।
সোমবার (২ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবানন থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে, তবে অন্যগুলো তাদের দেশের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে।
রয়টার্স জানায়, এ দিন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাংশের শহরতলীগুলোতে বিমান হামলা চালিয়েছে। লেবাননের রাজধানীতে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় ভোররাত ২টা ৪০ মিনিটের দিক থেকে একের পর এক হামলা চালাতে শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে।