মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই ইরানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি ইরানের দক্ষিণাঞ্চলীয় গেরাশ শহরে আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৩।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাতে এ খবর জানিয়েছে ওয়াইনেট। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। অগভীর এই ভূমিকম্পের ফলে গেরাশ ও এর আশপাশের এলাকাগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়েছে। বর্তমান যুদ্ধবিধ্বস্ত ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগ স্থানীয় বাসিন্দাদের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
তবে প্রাথমিক পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।