ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইসঙ্গে হরমুজ প্রণালিতে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যথেষ্ট ভূমিকা রাখছে না বলেও অভিযোগ করেছেন তিনি। শুক্রবার (২০ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এসব জানা যায়।
গত সপ্তাহে ট্রাম্প মিত্রদের হরমুজ প্রণালি সুরক্ষিত করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু মঙ্গলবার তিনি জানান, অধিকাংশ দেশই যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা এতে জড়িত হতে চায় না।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ন্যাটো দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চায় না, কিন্তু একই সঙ্গে উচ্চ তেলের দাম নিয়ে অভিযোগ করছে। তিনি বলেন, ‘এখন যুদ্ধে সামরিকভাবে জিতেছি, তাদের জন্য ঝুঁকি খুবই কম। তবুও তারা তেলের উচ্চমূল্য নিয়ে অভিযোগ করে, কিন্তু হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তারা সাহায্য করতে চায় না, যা একটি সহজ সামরিক পদক্ষেপ এবং তেলের উচ্চমূল্যের মূল কারণ।’
তিনি আরও বলেন, ‘তারা কাপুরুষ, এবং আমরা এটি মনে রাখব।’
এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়াকে ‘আগ্রাসনে অংশগ্রহণ’ হিসেবে গণ্য করা হবে বলে ইরান যুক্তরাজ্যকে জানিয়ে দিয়েছে। ডাউনিং স্ট্রিট বলছে, তারা ‘বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়ছে না’।
অন্যদিকে, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, জাপান এবং কানাডা যৌথ বিবৃতিতে বলেছে, তারা হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপে অংশ নেবে।
তবে জার্মান চ্যান্সেলর স্পষ্ট করে জানান, এর জন্য আগে সংঘাতের অবসান জরুরি। একইভাবে, ফরাসি প্রেসিডেন্ট ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনের পর বলেন, ‘আন্তর্জাতিক আইন রক্ষা এবং উত্তেজনা হ্রাস করাই সবচেয়ে ভালো পদক্ষেপ। আমি এখানে কাউকে এই সংঘাতে জড়াতে আগ্রহী হতে দেখিনি, বরং ঠিক উল্টোটা।’