মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান নিয়ে ইরানের সঙ্গে গত দুদিনে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে বিস্তারিতভাবে গঠনমূলক আলোচনা হয়েছে এবং পুরো সপ্তাহজুড়ে তা চলবে।
ট্রাম্প বলেন, ‘এই আলোচনার ধরন ও অগ্রগতি বিবেচনায় আমি প্রতিরক্ষা বিভাগকে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।’
তিনি আরও উল্লেখ করেন, চলমান আলোচনা সফলতার ওপর ভিত্তি করেই ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণ করা হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা যখন চরমে, তখন এই ধরনের কূটনৈতিক উদ্যোগ পরিস্থিতি শান্ত করার সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।