ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে জ্বালানি খরচ কমাতে মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম' বা বাসা থেকে কাজ করার নতুন এক নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বুধবার (১ এপ্রিল) গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য জ্বালানি তেলের ব্যবহার কমানো এবং জ্বালানি সরবরাহের স্থায়িত্ব নিশ্চিত করা।
আনোয়ার ইব্রাহিম জানান, এই নীতিমালার বিস্তারিত আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোনাস এবং অন্যান্য সংস্থাগুলো বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
আল জাজিরা জানিয়েছে, জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে মালয়েশিয়া সরকার বর্তমানে প্রতি মাসে প্রায় ১০০ কোটি ডলার ভর্তুকি দিচ্ছে।