লেবাননের দক্ষিণে বুধবার (৮ এপ্রিল) সকালে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী; যা থেকে স্পষ্ট হয়, লেবাননের ক্ষেত্রে যুদ্ধবিরতি চুক্তি মানবে না বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরপরই বুধবার সকালে লেবাননের দক্ষিণাঞ্চলীয় তায়ার ও নাবাতিয়েহ এলাকায় এই বিমান হামলাগুলো চালানো হয়।
যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতও যে অন্তর্ভুক্ত রয়েছে, তা অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
ইসরায়েলের হামলার বিষয়ে লেবানন সরকার ও হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই চুক্তির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল, এই সমঝোতার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, যেকোনো চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছিল হিজবুল্লাহ।
অন্যদিকে ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, তারা লেবানন সীমান্তের ভেতরে একটি ‘নিরাপত্তা বাফার জোন’ তৈরি করতে চায়। ইসরায়েলি সেনারা এরই মধ্যে লেবাননে প্রবেশ করেছে। এর ফলে দেশটির কিছু অংশ দীর্ঘমেয়াদে দখলের আশঙ্কা দেখা দিয়েছে।