ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের প্রতিক্রিয়ায় আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান।
শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘চুক্তি অনুযায়ী ইরান সীমিত সংখ্যক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। ফলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন থেকে এই পথে যাতায়াতের জন্য ইরানের অনুমতির প্রয়োজন হবে।’
এর আগে শুক্রবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ট্রাম্প প্রশাসন যদি আরব সাগরে নৌ-অবরোধ বহাল রাখে, তাহলে এই জলপথ ‘খোলা থাকবে না’।
ইরানের সামরিক বাহিনী এখন এই গুরুত্বপূর্ণ নৌপথে পুনরায় বিধিনিষেধ আরোপ করেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ‘তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি’।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির তথ্যমতে, তেহরান এই প্রণালিকে ‘সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে’ রাখার ঘোষণা দিয়েছে এবং মার্কিন অবরোধ বহাল থাকা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে বিশ্বের ব্যস্ততম নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় ইরান। বিশ্বের তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।
তবে শুক্রবার যুক্তরাষ্টের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুদ্ধবিরতির বাকি সময় পর্যন্ত খোলা থাকবে এই পথ।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ