যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরে ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে একাধিক সংবাদমাধ্যম সেই সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে, যাকে শনিবার (২৫ এপ্রিল) হোয়াইট হাউসের খবর সংগ্রহ করা সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনার পর হেফাজতে নেওয়া হয়।
ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন। ঘটনার পরপরই সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত ব্যবস্থা নেয়।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, অ্যালেনকে একটি নিরাপত্তা চেকপয়েন্টে থামানো হয়, যাতে তিনি বলরুমে পৌঁছাতে না পারেন। ওই বলরুমে প্রেসিডেন্টসহ প্রায় আড়াই হাজার অতিথি উপস্থিত ছিলেন।
লিঙ্কডইনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না করা প্রোফাইল অনুযায়ী, অ্যালেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার বিজ্ঞানী, ইন্ডি গেম ডেভেলপার এবং খণ্ডকালীন শিক্ষক। থাকেন লস অ্যাঞ্জেলেসে।
অনলাইন প্রোফাইল অনুসারে, অ্যালেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ২০১৭ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডমিঙ্গুয়েজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেন।
অ্যালেনের কর্মজীবনের তথ্যে আইজেকে কন্ট্রোলসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালনের উল্লেখ রয়েছে।
এছাড়া তিনি সিটু এডুকেশন নামে একটি প্রতিষ্ঠানের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন, যা কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পরামর্শ ও পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করে।
২০২৪ সালে কোম্পানিটির ফেসবুক পেজে অ্যালেনকে ‘টিচার অব দ্য মান্থ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়।
২০১৪ সালে অ্যালেন নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরিতে সামার আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ফেলোশিপে অংশ নেন। তিনি স্টিম প্ল্যাটফর্মের জন্য আণবিক রসায়নের ওপর ভিত্তি করে একটি ভিডিও গেম তৈরি করেন।
অ্যালেনের নামে থাকা একটি পোস্টে বলা হয়, তিনি মহাকাশকেন্দ্রিক একটি নতুন টপ-ডাউন শ্যুটার কমব্যাট গেম তৈরির কাজ করছিলেন। তাকে একজন স্বনিযুক্ত ইন্ডি গেম ডেভেলপার হিসেবেও বর্ণনা করা হয়েছে, যিনি বোরডম ও ফার্স্ট ল-এর মতো গেম তৈরি করেছেন।
ফেডারেল নির্বাচনী তহবিলের রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের সমর্থনে ডেমোক্র্যাটিক পার্টির একটি পলিটিক্যাল অ্যাকশন কমিটিতে ২৫ ডলার অনুদান দিয়েছিলেন অ্যালেন।
অভিযোগ ও আদালতে হাজিরা
ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো জানান, অ্যালেনের বিরুদ্ধে ‘সহিংস অপরাধের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের’ দুটি অভিযোগ এবং ‘বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে কেন্দ্রীয় কর্মকর্তার ওপর হামলার’ অভিযোগ আনা হবে। আগামী সোমবার সন্দেহভাজনকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
পিরো বলেন, ‘যদিও কেবল একজন কর্মকর্তা আহত হয়েছেন, তবে এখন পর্যন্ত আমরা যা জানি তার ওপর ভিত্তি করে এটি স্পষ্ট, এই ব্যক্তি যতটা সম্ভব ক্ষতি করার উদ্দেশ্যে এসেছিলেন এবং হোটেলের বাইরের নিরাপত্তা চেকপয়েন্টটি কাজ করায় তাকে থামানো সম্ভব হয়েছে।’
নিরাপত্তা চেকপয়েন্টে যা ঘটেছিল
ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং বেশ কিছু ছুরিসহ একাধিক অস্ত্র ছিল।
ক্যারল বলেন, ‘অ্যালেন যখন চেকপয়েন্ট দিয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে বাধা দেন। এসময় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ওই ব্যক্তির গুলি বিনিময় হয়। সিক্রেট সার্ভিসের ইউনিফর্মড ডিভিশনের একজন কর্মকর্তার ভেস্টে গুলি লাগে। বর্তমানে তিনি সুস্থ আছেন।’
ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন হিলটন হোটেলেরই অতিথি ছিলেন। গোলাগুলির সময় তিনি আহত হননি। তিনি একাই এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ফেডারেল আইন প্রয়োগকারী সূত্র নিশ্চিত করেছে, পেশায় শিক্ষক এই সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন হিলটন হোটেলে ঢুকে বলরুমের দিকে দৌড়ে যাওয়ার সময় গ্রেপ্তার হন।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার জানান, সন্দেহভাজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়ন করা হচ্ছে।
কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, সংস্থাটি সন্দেহভাজনের অতীত ইতিহাস খতিয়ে দেখছে।
তথ্যসূত্র : এনডিটিভি