নিয়োগপত্রের দাবিতে আন্দোলরত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন।
সাক্ষাতে সাত সদস্যের এই প্রতিনিধি দল তাদের নিয়োগটি দ্রুত সম্পন্ন এবং বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ববি হাজ্জাজ বলেন, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতেই চলমান রয়েছে। প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।’
প্রতিমন্ত্রী আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন স্থগিত করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার আহবান জানান।
তিনি আরও জানান, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।