এশিয়ান গেমসের বাছাইপর্বের তৃতীয় ম্যাচে হংকং চায়নাকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসে কোয়ালিফাই করল বাংলাদেশ নারী হকি দল। রোববার (২৬ এপ্রিল) জাকার্তার জিকেবি হকি ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ দল। আজ ম্যাচের প্রথম কোয়ার্টারের প্রথম মিনিটেই হংকংয়ের মেলিসার গোলে ১-০ তে পিছিয়ে যায় বাংলাদেশ দল। এর ৯ মিনিট পর নাদিরা ইমার গোলে ১-১ এ সমতায় ফেরে লাল-সবুজের দল।
দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। ফলে দ্বিতীয় কোয়ার্টারেও ১-১ গোলে সমতা নিয়ে সন্তুষ্ট থাকে দুই দল।
ম্যাচে জয়সূচক গোলটি আসে লাল-সবুজের খেলোয়াড় আক্তার কনা থেকে। তিনি ম্যাচের তৃতীয় কোয়ার্টারে ৩৯ মিনিটে গোল করলে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে যায়। এর মাধ্যমে টুর্নামেন্টে নিজের ঝুলিতে তিনটি গোল যুক্ত করেন কনা।
এ জয়ের মাধ্যমে গ্রুপ রানারআপ হয়ে সেমিফাইনালে যায় বাংলাদেশ দল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে কোয়ালিফাই করায় প্রথমবারের মতো এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ নারী হকি দল।