হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হলেও বিশ্ব তেলের বাজার আগের অবস্থায় ফিরতে ‘বেশ কয়েক মাস’ সময় লাগবে বলে মনে করেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।
রোববার (২৬ এপ্রিল) রুশ সংবাদমাধ্যম ভিজিটিআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
নোভাক বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি সম্পদের বিশাল ঘাটতি তৈরি হয়েছে, যা অল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সহজ হবে না। এই সংকট অত্যন্ত গভীর। এ সময়ে বিপুল পরিমাণ তেল বিশ্ববাজারে পৌঁছাতে পারেনি এবং প্রচুর জাহাজ হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে।’
‘এর ফলে বাজারের ভারসাম্য রক্ষা এবং যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যেতে স্বাভাবিকভাবেই সময় লাগবে। আমাদের দৃষ্টিতে এই প্রক্রিয়া সম্পন্ন হতে বেশ কয়েক মাস সময় লেগে যেতে পারে,’ যোগ করেন রুশ উপপ্রধানমন্ত্রী।