ব্যক্তিগত বিবাদে ব্যবসার ক্ষতি, পরিস্থিতি শিগগিরই শান্ত করার আশা ব্যক্ত করলেন টিউলিপ
অবৈধভাবে পূর্বাচলে প্লট ও ফ্ল্যাট দুর্নীতি মামলায় আজ সোমবার (১১ আগস্ট) থেকে ব্রিটিশ এমপি ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ অন্যান্যদের বিরুদ্ধে বিচার শুরু হবে। এর আগের দিন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন টিউলিপ।
সাক্ষাৎকারে তিনি জানান, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাননি। তবে গত সপ্তাহে এক সাংবাদিকের মাধ্যমে তার আইনজীবী জানতে পারেন, বাংলাদেশে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। পূর্বাচলের প্লট দুর্নীতির অভিযোগকে টিউলিপ ‘সম্পূর্ণ অযৌক্তিক’ উল্লেখ করেছেন। যদিও আওয়ামী সরকারের কিছু লোকের দুর্নীতির কথা স্বীকার করেছেন তিনি।
টিউলিপ বলেন, “বাংলাদেশে অনেকেই খারাপ কাজ করেছে, তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু আমি তাদের মধ্যে নই।” তিনি আরও জানান, এখনো কোনো আনুষ্ঠানিক সমন পাননি এবং মনে করছেন, বিদেশি কোনো বিচারের মতো পরিস্থিতির মধ্যে পড়েছেন। তিনি অভিযোগ ও বিচার সম্পর্কে অনিশ্চিত।
তাঁর বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাতের অভিযোগও আছে। বিশেষ করে ২০১৩ সালে শেখ হাসিনার সঙ্গে রাশিয়া সফরের সময়ের ঘটনায় অভিযোগ ওঠে, যদিও টিউলিপ জানান, ওই সফর ব্যক্তিগত ছিল এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার মাত্র দুই মিনিট কথা হয়েছিল।
টিউলিপ দাবি করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার খালার মধ্যে দ্বন্দ্বে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, “আমি মুহাম্মদ ইউনূস ও আমার খালার দ্বন্দ্বের মাঝখানে পড়ে গেছি এবং এই বিষয়গুলোকে নিয়ে লড়াই করছি।” শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও দুর্নীতির তদন্ত বিষয়েও টিউলিপ মন্তব্য করেছেন, তিনি বলেন, “আমি খালার পক্ষে সাফাই করছি না। তার সরকারের শেষ কীভাবে হয়েছে তা নিয়ে তদন্ত চলছে এবং আশা করি বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছামতো ফল পাবে।”