যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমেরিকান প্রস্তাবটি ইরান এখনও পর্যালোচনা করছে।
এর আগে, দুই পক্ষই একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে খবর এসেছিল। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বুধবার জানিয়েছে, হোয়াইট হাউস বিশ্বাস করে, তারা ইরানের সাথে ১৪ দফার একটি সমঝোতা স্মারকের কাছাকাছি রয়েছে।
ইরানের পার্লামেন্টের একজন জ্যেষ্ঠ সদস্য এটিকে একটি "উইশ লিস্ট" বা আকাঙ্ক্ষার তালিকা বলে উড়িয়ে দিলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তেহরান এই মার্কিন প্রস্তাবের বিষয়ে নিজেদের মতামত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের জানাবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ "এই যুদ্ধবিরতিকে যুদ্ধের একটি স্থায়ী অবসানে রূপান্তর করার চেষ্টা করছে"।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইরানের সাথে খুব ভালো আলোচনা হয়েছে এবং একটি চুক্তি হওয়া সম্ভব।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এক পাতার ওই ১৪ দফার স্মারকটি পারমাণবিক আলোচনার বিস্তারিত একটি কাঠামো তৈরি করতে পারে। এর মধ্যে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং হরমুজ প্রণালিতে অবাধে চলাচল পুনরায় শুরু করার মতো শর্ত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুইজন কর্মকর্তা এবং অন্য দুটি সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে, তারা এই বিষয়গুলো সম্পর্কে অবহিত।
এই সূত্রগুলো জানিয়েছে, স্মারকলিপিতে উল্লেখিত অনেকগুলো শর্তই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ওপর নির্ভর করছে।
রয়টার্স নিউজ এজেন্সিও দুজন সূত্রের বরাত দিয়ে দেওয়া অ্যাক্সিওসের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
তবে প্রস্তাবটি এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।