পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন সমরাস্ত্র পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ এখন পুরোপুরি নিজেদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছে দেশটি।
বুধবার (১৩ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এদিন এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ‘এখন থেকে আমরা হরমুজ প্রণালি দিয়ে কোনো মার্কিন অস্ত্র পরিবহন করে আঞ্চলিক ঘাঁটিগুলোতে নিতে দেব না। কোনো দেশ যদি এই জলপথ ব্যবহার করতে চায়, তাহলে অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এবং ক্ষতিহীন পারাপার নিশ্চিত করে তা করতে হবে।’
আকরামিনিয়ার ভাষ্যমতে, হরমুজ প্রণালির পশ্চিম অংশ বর্তমানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-শাখার নিয়ন্ত্রণে রয়েছে। এর পূর্ব অংশ নিয়ন্ত্রণ করছে ইরানের মূল নৌবাহিনী।