সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার (১৯ মে) জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইরাক থেকে তাদের লক্ষ্য করে ছয়টি ড্রোন ছোড়া হয়েছে। এর মধ্যে গত রোববারের একটি ড্রোনের আঘাতে উপসাগরীয় দেশটির একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিন আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি ছাড়া বাকি সবকটি ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। আরব বিশ্বের প্রথম বাণিজ্যিক পরমাণু কেন্দ্র বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে মোট তিনটি ড্রোন ছোড়া হয়েছিল।
মন্ত্রণালয় জানায়, আমিরাতের প্রতিরক্ষা বুহ্য ভেদ করে একটি ড্রোন পরমাণু কেন্দ্রের ভেতরের সীমানার বাইরে থাকা একটি বিদ্যুৎ জেনারেটরে আঘাত হানে।
এই আঘাতের পর আমিরাতের ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং এই হামলার কারণে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি।
আমিরাতি কর্মকর্তারা বলেছেন, এই ধরনের ‘সন্ত্রাসবাদী হামলার’ জবাব দেওয়ার পূর্ণ অধিকার সংযুক্ত আরব আমিরাতের রয়েছে।
ইরাকে ইরান-সমর্থিত বেশ কয়েকটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যারা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সময় ‘ইরাক ও ওই অঞ্চলের শত্রুদের ঘাঁটিতে’ হামলা চালানোর দাবি করেছিল।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বারাকাহ পরমাণু কেন্দ্রে হামলার বিষয়ে আলোচনার জন্য ডাকা নিরাপত্তা পরিষদের এক বৈঠকে আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আবুশাহাব বলেন, এটি কোনো ‘বিচ্ছিন্ন ঘটনা নয়’।
সরাসরি কোনো গোষ্ঠীর নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘এই ঘটনা আঞ্চলিক পরিস্থিতির একটি অংশ, যেখানে একটি রাষ্ট্র এবং তার প্রক্সি গোষ্ঠীগুলোর ক্রমাগত আন্তঃসীমান্ত হামলা এই অঞ্চলকে তীব্র উত্তেজনা এবং বিপজ্জনক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।’
তথ্যসূত্র: রয়টার্স