আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী এই দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসলামাবাদ কোনো অবস্থাতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। একইসঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়া ইসলামাবাদের জন্য গ্রহণযোগ্য নয় বলেও জানিয়ে দিয়েছেন তিনি। খবর আল জাজিরা।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে হওয়া আব্রাহাম অ্যাকর্ডসে ইসলামাবাদের যোগ দেয়া উচিত বলে তিনি মনে করেন না। সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে বার্তাসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে।
খাজা আসিফ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না, আমাদের এমন কোনও চুক্তিতে যোগ দেয়া উচিত, যা আমাদের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক’।
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আর তা হচ্ছে— এটি (এই প্রস্তাব) আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’
এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান যুদ্ধের অবসানে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে আরও বেশি দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানের নেতাদের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প লিখেছেন, ‘আমি বাধ্যতামূলকভাবে অনুরোধ করছি, সব দেশ যেন দ্রুত আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে। আর যদি ইরান আমার সঙ্গে চুক্তিতে সই করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তাদেরও এই নজিরবিহীন বৈশ্বিক জোটের অংশ হিসেবে পেলে সেটা হবে সম্মানের।’
তিনি আরও বলেন, ‘তাহলে মধ্যপ্রাচ্য হবে ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। আর তা সম্ভবত বিশ্বের অন্য যেকোনও অঞ্চলের চেয়েও বেশি।’