দক্ষিণ-পূর্ব রোমানিয়ার গালাতি শহরের একটি বহুতল আবাসিক ভবনের ছাদে আছড়ে পড়েছে রাশিয়ার ড্রোন। এতে অন্তত দুজন আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘২৮ থেকে ২৯ মে রাতের মধ্যে রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তাদের লক্ষ্যবস্তু ছিল রোমানিয়ার সীমান্তবর্তী নদী অঞ্চলের কাছাকাছি।’
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, হামলার মধ্যেই একটি ড্রোন রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। রাডারের মাধ্যমে সেটিকে গালাতি শহরের দক্ষিণাংশ পর্যন্ত অনুসরণ করা হয়। পরে সেটি একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে বিধ্বস্ত হলে সেখানে আগুন লেগে যায়।
গালাতি শহরটি ইউক্রেন ও মলদোভার সীমান্তের কাছাকাছি অবস্থিত।
রোমানিয়ার জরুরি পরিস্থিতি-বিষয়ক জেনারেল ইন্সপেক্টরেট জানিয়েছে, ড্রোনটি একটি ১০ তলা ভবনে আঘাত হানে। এতে দুজন আহত হন। পরে ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়া বারবার দানিউব নদীর তীরে অবস্থিত ইউক্রেনীয় বন্দর শহর রেনিতে হামলা চালিয়েছে। শহরটি গালাতির খুব কাছাকাছি। এর এক মাস আগেও গালাতিতে একটি রুশ ড্রোন বিধ্বস্ত হয়েছিল। তখন সেটি একটি আবাসিক বাড়ির বাইরের অংশে আঘাত হানে, তবে কেউ আহত হয়নি।
রোমানিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিক্রিয়া
রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘রাশিয়ার পক্ষ থেকে গুরুতর ও দায়িত্বজ্ঞানহীন উসকানি’ হিসেবে উল্লেখ করেছে।
মন্ত্রণালয় জানায়, ‘রোমানিয়া ইতোমধ্যে মিত্র দেশগুলো ও ন্যাটোর মহাসচিবকে ঘটনাটি সম্পর্কে অবহিত করেছে এবং দ্রুত অ্যান্টি-ড্রোন সক্ষমতা হস্তান্তরের জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।’
রোমানিয়া ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য। সাম্প্রতিক মাসগুলোতে রুশ ড্রোন ও যুদ্ধবিমান বিভিন্ন ন্যাটোভুক্ত দেশের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের মধ্যে এটি সর্বশেষ ঘটনা।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘রাশিয়া আবারও একটি সীমা অতিক্রম করেছে।’ তিনি বলেন, ‘আমরা রোমানিয়া ও দেশটির জনগণের পাশে আছি। পূর্ব সীমান্তে নিরাপত্তা ও প্রতিরোধব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি রাশিয়ার ওপর চাপ বাড়ানো অব্যাহত থাকবে।’
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ‘জোটভুক্ত দেশগুলোর প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় ন্যাটো প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়ার বেপরোয়া আচরণ আমাদের সবার জন্য হুমকি।’