যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে ‘পারিবারিক কলহের জেরে’ এলোপাতাড়ি গুলিবর্ষণে সন্দেহভাজনসহ অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই ‘ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো’ মাস্কাটিন শহরের দুটি বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। খবর: এনডিটিভির।
এক বিবৃতিতে মাস্কাটিন পুলিশ জানিয়েছে, সোমবার আনুমানিক দুপুর ১২টা ১২ মিনিটে পার্ক অ্যাভিনিউয়ের একটি বাড়িতে গুলি চালানোর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল।
যখন পুলিশ কর্মকর্তা ও জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, তখন তারা বাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে দেখতে পান। ঘটনাস্থলেই চারজনকেই মৃত ঘোষণা করা হয়।
আইন প্রয়োগকারী কর্মকর্তারা কিছুক্ষণ পরই একটি পথচারী সেতুর কাছে আত্মঘাতী গুলির আঘাতে আহত রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডকে খুঁজে পান। পুলিশ কর্মকর্তা ও প্যারামেডিক কর্মীরা তাকে চিকিৎসাসেবা দেন, কিন্তু ঘটনাস্থলে তাকেও মৃত ঘোষণা করা হয়।
তদন্ত এগোনোর মধ্যেই কর্মকর্তারা পরবর্তীতে মিল স্ট্রিটের অন্য একটি বাড়ির ভেতর থেকে আরেক ব্যক্তিকে খুঁজে পান, যিনি দৃশ্যত গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। আরও তল্লাশির পর কর্মকর্তারা গ্র্যান্ডভিউ অ্যাভিনিউয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছান, যেখানে গুলিবিদ্ধ অবস্থায় আরেক ব্যক্তিকে মৃত পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে এই গুলির ঘটনা একটি পারিবারিক বিবাদের জের ধরে ঘটেছে, কারণ ভুক্তভোগী সবাই সন্দেহভাজন ব্যক্তির পরিবারের সদস্য ছিলেন।
কর্তৃপক্ষ ভুক্তভোগীদের নাম বা বয়স প্রকাশ করেনি। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তির পূর্ব অপরাধের রেকর্ড ছিল, তবে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।