ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের অদূরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ভয়াবহ এই কম্পনে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন। ফিলিপাইনের সিভিল ডিফেন্সের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সিভিল ডিফেন্স অফিসের পরিচালক রদ্রিগো সোসমেনা জানান, নিহতদের মধ্যে ১২ জন সোকসারজেন অঞ্চলের। এই অঞ্চলটি চারটি প্রদেশ ও একটি শহর নিয়ে গঠিত—সাউথ কোটাবাটো, সুলতান কুদারাত, সারাঙ্গানি এবং জেনারেল সান্তোস সিটি। তিনি আরও জানান, ওই অঞ্চলে অন্তত ১৩৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পের তীব্রতায় বেশ কিছু বহুতল ভবন ধসে পড়েছে। রাস্তাঘাটে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা জেনারেল সান্তোস সিটি থেকে।
সরকারি বার্তা সংস্থা ফিলিপাইন ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের বড় বড় ভবন ও বিপণিবিতান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ফিলিপাইনের অত্যন্ত জনপ্রিয় ফাস্ট ফুড চেইন জলিবির অন্তত দুটি শাখা হুড়মুড় করে ভেঙে সড়কের ওপর ধসে পড়ছে। আতঙ্কিত মানুষকে এ সময় দিগ্বিদিক ছুটোছুটি করতে দেখা যায়।
ভয়াবহ এই দুর্যোগের পর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ফিলিপাইন রেড ক্রস। এরই মধ্যে সংস্থাটির উদ্ধারকারী দল মাঠে নেমে কাজ শুরু করেছে।
এদিকে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রসৈকত থেকে দূরে এবং উঁচু স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে।
সূত্র: বিবিসি