ওমান উপকূলে ভারতীয় ক্রু থাকা আরও একটি বাণিজ্যিক জাহাজে বৃহস্পতিবার (১১ জুন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমটি জলবীর নামের ওই জাহাজে মোট ২০ জন ক্রু ছিলেন।
তাদের মধ্যে পাঁচজনকে কাছাকাছি থাকা নৌযান উদ্ধার করে ওমানে নিয়ে গেছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি।
এর আগে গতকাল বুধবার এমটি সেত্তেবেলো নামের একটি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হন।
তারও আগে গত সোমবার ভারতীয় ক্রু থাকা এমটি মারিভেক্স নামের আরও একটি জাহাজ হামলার শিকার হয়।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ওমানে ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা এমটি জলবীর জাহাজের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, ‘আমরা আজ বৃহস্পতিবার ওমানের শিনাস বন্দরের কাছে একটি জাহাজে দুর্ঘটনার খবর জানতে পেরেছি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখছি।’