ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য চুক্তির শর্তাবলি নিয়ে ইরানের কর্মকর্তাদের অভ্যন্তরীণ আলোচনা এখন ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই।
শুক্রবার (১২ জুন) তিনি এ কথা জানান বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।
বাগাই বলেন, ‘অধিকাংশ বিষয়ে সমঝোতা হয়েছে এবং আমরা অভ্যন্তরীণ পর্যালোচনার শেষ ধাপে রয়েছি।
‘অন্য পক্ষের অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের অবস্থান জানাব। আমি এখন আপনাদের সঙ্গে কথা বলার সময়ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৈঠক চলছে।’
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বাগাই জানান, চুক্তি স্বাক্ষরের সময়, স্থান ও অন্যান্য বিস্তারিত বিষয় কূটনৈতিক প্রক্রিয়া কীভাবে এগোয়, তার ওপর নির্ভর করবে।
এদিকে এদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক আগামী কয়েক দিনের মধ্যে সরাসরি সাক্ষাৎ ছাড়াই স্বাক্ষরিত হতে পারে।
মন্ত্রী জানান, আলোচনার চূড়ান্ত পর্যায় শেষ হওয়ার পর ওই স্মারকে স্বাক্ষর করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে।