কানাডার আয়তনের দিক থেকে ষষ্ঠ বৃহৎ প্রদেশ ম্যানিটোবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্থায়ী বাসিন্দা হওয়ার একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিয়েছে।
প্রদেশটির নিজস্ব অভিবাসন কর্মসূচি ম্যানিটোবা প্রোভিনশিয়াল নমিনি প্রোগ্রাম (এমপিএনপি) তাদের ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্রিমের অধীনে থাকা ক্যারিয়ার এমপ্লয়মেন্ট পাথওয়ে (সিইপি) সুবিধা অবিলম্বে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
শনিবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, গত ১১ জুন এমপিএনপি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই হালনাগাদ তথ্য প্রকাশ করে।
ম্যানিটোবায় স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক সাবেক সিইপি প্রার্থীদের জন্য এর অর্থ হলো, স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য এখন তাদের অন্য কোনো মাধ্যমের বা প্রক্রিয়ার আশ্রয় নিতে হবে।
তবে সিইপি বন্ধ হয়ে গেলেও যেসব প্রার্থীর সক্রিয় এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) রয়েছে এবং ম্যানিটোবায় ন্যূনতম ৬ মাস কাজের অভিজ্ঞতা আছে, তারা স্কিলড ওয়ার্কার ইন ম্যানিটোবা মাধ্যমের অধীনে মনোনয়নের জন্য বিবেচিত হতে পারবেন।
এই নতুন নিয়মের ফলে ভবিষ্যতে ম্যানিটোবার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক সম্পন্ন করা এবং বর্তমানে এই প্রদেশে কর্মরত যোগ্য শিক্ষার্থীরা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) বাছাই প্রক্রিয়াগুলোতে অগ্রাধিকার পাবেন।
ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে ম্যানিটোবা কর্তৃপক্ষ জানিয়েছে, সিইপি বন্ধ করার মূল উদ্দেশ্য ম্যানিটোবা থেকে পাস করা সব গ্র্যাজুয়েটের জন্য একটি ‘স্পষ্ট ও ধারাবাহিক নিয়ম’ তৈরি করা।
এর মাধ্যমে শিক্ষা, কাজের অভিজ্ঞতা এবং স্থানীয় শ্রমবাজারের চাহিদার মধ্যে উন্নত সমন্বয় সাধন করা সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করা গ্র্যাজুয়েট, যারা মিট্যাক্স ইন্টার্নশিপ শেষ করেছেন, তাদের জন্য গ্র্যাজুয়েট ইন্টার্নশিপ পাথওয়ে সুবিধাটি আগের মতোই বহাল থাকবে।