যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১৪ জুন) ৮০ বছরে পদার্পণ করেছেন। জীবনের এই মাইলফলকটি নিয়ে নিজের অসন্তুষ্টির কথা অকপটে স্বীকার করে তিনি বলেছেন, এটি এমন এক সংখ্যা, যা তিনি ‘পছন্দ করেন না’।
জন্মদিনের কয়েকদিন আগে সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেসের প্রধান ড. মেহমেত ওজের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ৮০ বছরে পা দেওয়ার জন্য তিনি মোটেও উন্মুখ হয়ে ছিলেন না।
ইউএসএ টুডের প্রতিবেদন অনুযায়ী ওজকে ট্রাম্প বলেন, ‘আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হবে না। কারণ যে জন্মদিনটি আমার আসতে চলেছে, তা নিয়ে আমি মোটেও খুশি নই।’
প্রেসিডেন্ট বলেন, ‘এই সংখ্যাটি নিয়ে আমি আসলে আগে কখনো অতটা ভাবিনি। এটি আমার পছন্দের কোনো সংখ্যা নয়। তবে যা-ই হোক, বেঁচে তো আছি।’
গত বৃহস্পতিবার ওভাল অফিসে এক কথোপকথনের সময় এই মন্তব্য করেন ট্রাম্প। সেদিন ওজেরও ৬৬তম জন্মদিন ছিল।
তবে অখুশি হলেও জন্মদিন উদযাপন করতে হোয়াইট হাউসের আঙিনায় এক বিশাল আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) আয়োজনের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প।
এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনকে সাময়িকভাবে মিশ্র মার্শাল আর্টের প্রতিযোগিতা ভেন্যুতে পরিণত করা হয়েছে।