ইরানের তেলবাহী জাহাজসহ অন্যান্য পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে শুরু করেছে। বেশ কয়েকটি ইরানি জাহাজ কোনো ধরনের বাধা ছাড়াই অবরোধের সীমানা পার করেছে।
ফলে এটি যে পূর্ণাঙ্গভাবে না হলেও অন্তত আংশিকভাবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার একটি সূচনা, তা বলা-ই যায়।
মঙ্গলবার (১৬ জুন) আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের নৌপরিবহন সূত্রের বরাতে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমা থেকে ইরানের বন্দরের উদ্দেশে রওনা হওয়া একটি বিশাল অপরিশোধিত তেলবাহী জাহাজ এরই মধ্যে অবরোধের আওতাভুক্ত এলাকা পার হয়েছে।
এছাড়া গবাদি পশুর খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় রসদ নিয়ে আরেকটি জাহাজও অবরোধ এলাকা দিয়ে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এখন ইরানি জাহাজগুলোকে এই জলসীমা অতিক্রম করার অনুমতি দিচ্ছে। এর ফলে জাহাজগুলো যেমন সাগরে যেতে পারছে, তেমনি আবার ইরানের বন্দরে ফিরেও আসতে পারছে।
এ ঘটনাকে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে ট্রাম্প প্রশাসনের ‘সদিচ্ছার নিদর্শন' হিসেবে দেখছে ইরান। দেশটি দীর্ঘদিন ধরেই এমন কিছুর অপেক্ষায় ছিল।
ইরান বরাবরই অভিযোগ করে আসছিল, যুক্তরাষ্ট্র তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে না। ফলে মার্কিনিরা এবার তাদের প্রতিশ্রুতি কতটা রক্ষা করবে, তা যাচাই করার ক্ষেত্রে এটিকে একটি প্রাথমিক পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইরানিদের মতে, এই প্রক্রিয়াটি সাময়িক না হয়ে ধারাবাহিক এবং অব্যাহত থাকা উচিত।