চলতি সপ্তাহের শেষের দিকে নির্ধারিত আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের আগেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারকটি ডিজিটাল পদ্ধতিতে সই হয়েছে। এতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি মঙ্গলবার (১৬ জুন) এই তথ্য জানিয়েছে।
ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, চুক্তিটি এরই মধ্যে ইলেকট্রনিকভাবে সই হয়ে গেছে। আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান চলতি সপ্তাহের শেষের দিকে হওয়ার কথা রয়েছে।
ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘প্রেসিডেন্ট নিজেই এটি ব্যক্তিগতভাবে সই করতে চেয়েছিলেন। কারণ তিনি এই আলোচনাকে একটি সফল সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে তার আন্তরিকতা ও নিষ্ঠা দেখাতে চেয়েছিলেন।’
আগের দিন সোমবার ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স।
তিনি জানান, চুক্তির মূল রূপরেখা খুব শিগগিরই জনসাধারণের জন্য প্রকাশ করা হবে।
এর আগে ইরানের স্পিকার গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘ঐতিহাসিক প্রতিরোধের’ পর দেশটি ‘চূড়ান্ত বিজয়ের অভিমুখে একটি বড় পদক্ষেপ’ নিয়েছে।