ভারতের কেরালা রাজ্যে চালু হওয়া ‘প্রিয়দর্শিনী’ প্রকল্পের আওতায় এখন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন নারীরা। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল এটি।
দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই প্রকল্প চালুর মাধ্যমে কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর পর নারীদের বিনামূল্যে বাস সেবা দেওয়া দক্ষিণ ভারতের রাজ্যগুলোর তালিকায় যুক্ত হলো কেরালাও।
এ বিষয়ে সোমবার (১৫ জুন) রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীসান বলেন, ‘এই প্রকল্প সাধারণ নারীদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।
‘মৎস্যজীবী, গৃহকর্মী, শিক্ষার্থী, চাকরিজীবী এবং যারা হাসপাতাল, সরকারি অফিস ও ব্যাংকে যাতায়াত করেন, তারাসহ সমাজের বিভিন্ন স্তরের নারী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন।’
মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে যাতায়াত বাবদ প্রতি মাসে যে খরচ হতো, তা এখন থেকে সাধারণ পরিবারগুলোর জন্য অতিরিক্ত সঞ্চয় হিসেবে জমা হবে।
প্রথম দফায় আয়ের উৎস বা সামাজিক পটভূমি বিবেচনা না করে সব বয়সী নারী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষ কেরালা রাষ্ট্রীয় সড়ক পরিবহন করপোরেশনের (কেএসআরটিসি) সব (৩ হাজার ১২৫টি) সাধারণ বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন।
এই সুবিধা পাওয়ার জন্য তাদের কোনো ধরনের নিবন্ধন, আবেদনপত্র জমা বা নথিপত্র দেখানোর প্রয়োজন হবে না।
নারী যাত্রীদের শুধু বাসের কন্ডাক্টরের কাছে থাকা ইলেকট্রনিক টিকিট মেশিন থেকে শূন্য মূল্যের ‘প্রিয়দর্শিনী’ টিকিট সংগ্রহ করতে হবে।
এই টিকিটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে প্রতিটি ভ্রমণের রেকর্ড রাখা হবে, যা পরবর্তীতে কেএসআরটিসিকে ভর্তুকির টাকা পরিশোধে সরকারকে সাহায্য করবে।
এই প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্য সরকার কেএসআরটিসিকে বছরে প্রায় ৮০০ কোটি রুপি দেবে।
প্রতিদিন কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জরুরি প্রয়োজনে হাজার হাজার নারী কেএসআরটিসি বাসের ওপর নির্ভর করেন। এই প্রকল্প যাতায়াত খরচ কমিয়ে এবং মাসিক সঞ্চয় বাড়িয়ে তাদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।