মস্কোর সঙ্গে ‘আর্থিক ও ব্যাংকিং সম্পর্ক’ জোরদারের লক্ষ্যে রাশিয়ার উদ্দেশে তেহরান ছেড়েছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুলনাসের হেম্মতি।
মঙ্গলবার (১৬ জুন) ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়, এই সফরে মূলত দুই দেশের মধ্যে ‘আর্থিক লেনদেন সহজ করার উপায়’ খোঁজা, উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার সহযোগিতা জোরদার করা এবং সামগ্রিক অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে নতুন কৌশল অবলম্বনের ওপর জোর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়া।
ফার্স নিউজের তথ্যমতে, এমন সময়ে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, যখন আগামী শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক সই করার প্রস্তুতি নিচ্ছে।
এছাড়া আগামী মাসগুলোতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দুই দেশের মধ্যে আরও আলোচনার সম্ভাবনা রয়েছে।