অধিকৃত পশ্চিম তীরের আল-মুগায়ির শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের সময় ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরী গুলিবিদ্ধ হয়েছে। তাকে ঘটনাস্থল থেকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বুধবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বলেছে, ওই কিশোরীর কাঁধে গুলি লাগে।
ওয়াফা জানায়, আল-মুগায়িরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী তাজা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এসময় তারা শহরের বেশ কয়েকটি সড়কও অবরুদ্ধ করে রাখে।
এছাড়া পশ্চিম তীরের বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি অভিযান ও হামলার খবর জানিয়েছে ওয়াফা।
এর মধ্যে সালফিত অঞ্চলের আল-লুব্বান আশারকিয়ার কাছে ফিলিস্তিনিদের দুটি গাড়িতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার অভিযোগও রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের আল-বিরেহ শহরে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং তাজা গুলি ছোড়ে।
পাশাপাশি দির আবু মিশাল ও আস-সাওয়াহিরা আল-শারকিয়া অঞ্চলেও সামরিক অভিযান চালানো হয়। এসব অভিযানে ফিলিস্তিনিদের বাড়িঘরে তল্লাশি, স্থানীয়দের ওপর চড়াও হওয়া এবং তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটে।