এএফপির প্রতিবেদন
বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি গ্রোক ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় ব্যবহার করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির হাতে আসা মার্কিন সরকারের এক আইনি নথিতে মঙ্গলবার (১৬ জুন) এই তথ্য প্রকাশ করা হয়।
গত ১৫ জুনের এই আইনি নথিতে মূলত মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের একটি বিশাল ডেটা সেন্টারে ব্যবহৃত গ্যাস টারবাইনের পক্ষে যুক্তি দেওয়া হয়।
পরিবেশ দূষণের অভিযোগে টারবাইনগুলোর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল, যা বন্ধের জন্য আদালতে আইনি লড়াই চলছে।
নথিতে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় যুক্তি দেখিয়েছে যে, এই মামলা ‘আমেরিকার জাতীয়, অর্থনৈতিক এবং জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। কারণ এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন এক উদ্ভাবনী প্রযুক্তির বিদ্যুৎ সরবরাহ বন্ধের চেষ্টা করা হচ্ছে, যা সরাসরি মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়ের সামরিক কার্যক্রমকে সহায়তা জোগাচ্ছে।’
নিজেদের দাবির পক্ষে ফেডারেল প্রসিকিউটররা পেন্টাগনের এআই প্রধান ক্যামেরন স্ট্যানলির একটি হলফনামা আদালতে পেশ করেন।
সেখানে স্ট্যানলি শপথ নিয়ে জানান, মার্কিন সামরিক বাহিনীর এআইভিত্তিক লক্ষ্যবস্তু নির্ধারণী কর্মসূচি প্রজেক্ট মেভেনে এরই মধ্যে গ্রোক ব্যবহার করা হয়েছে।
এই প্রজেক্টটি শুরুতে অ্যানথ্রোপিক কোম্পানির ক্লদ মডেলের সাহায্যে পরিচালিত হতো।
স্ট্যানলির বিবৃতিতে বলা হয়, এই ‘মেভেন স্মার্ট সিস্টেমস’-এর সহায়তায় মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে তাদের অপারেশন এপিক ফিউরির সময় ৯৬ ঘণ্টার মধ্যে ২ হাজারটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ২ হাজারের বেশি গোলাবারুদ নিক্ষেপ করতে সক্ষম হয়।
মাস্কের এই প্রযুক্তির ভূয়সী প্রশংসা করেন স্ট্যানলি এবং ‘গ্রোক গভ মডেলের’ কারণে মার্কিন সামরিক বাহিনীর ‘কার্যক্ষমতা ও দক্ষতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে’ বলে উল্লেখ করেন।
কৃষ্ণাঙ্গ আমেরিকানদের অধিকার রক্ষায় নিয়োজিত নাগরিক অধিকার সংস্থা এনএএসিপি এক্সএআইয়ের বিরুদ্ধে এই মামলাটি করেছে।
তাদের অভিযোগ, পরিচ্ছন্ন বায়ু আইন লঙ্ঘন করে কোনো অনুমতি বা লাইসেন্স ছাড়াই ডজন খানেক টারবাইন চালাচ্ছে কোম্পানিটি।
মানবাধিকার গোষ্ঠীটির দাবি, এই টারবাইনগুলো মূলত কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকাগুলোতে মারাত্মক দূষণ ছড়াচ্ছে।
তবে এক্সএআইয়ের দাবি, এই টারবাইনগুলো সাময়িক এবং স্থানান্তরযোগ্য। তাই এগুলো পরিবেশগত নিয়মনীতির আওতাভুক্ত নয়।
এর আগে গত ফেব্রুয়ারির শেষের দিকে অ্যানথ্রোপিক কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করে মার্কিন সরকার। কারণ কোম্পানিটি তাদের এআই টুলকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় সামরিক হামলা বা আমেরিকান নাগরিকদের ওপর গণনজরদারির কাজে ব্যবহার করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল।
এরপরই পেন্টাগন এআই প্রযুক্তির দৌড়ে টিকে থাকতে অ্যানথ্রোপিকের প্রতিদ্বন্দ্বী গুগল, ওপেনএআই ও এক্সএআইয়ের দিকে ঝোঁকে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইলন মাস্ক গত ফেব্রুয়ারিতে তার এআই স্টার্টআপ এক্সএআইকে নিজের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের সঙ্গে একীভূত করেন।
এরপর গত ১২ জুন কোম্পানিটি ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে যাত্রা শুরু করে।