লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। শনিবার (২০ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, এমন অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামরিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। তার প্রতিক্রিয়ার ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করা হচ্ছে।
বিবৃতিতে সতর্ক করা হয়, যদি ‘আগ্রাসন’ অব্যাহত থাকে, তাহলে ইরান আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এই প্রণালি বন্ধের ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স