ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় একটি শিশু ও আল জাজিরার একজন সংবাদকর্মীসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
শনিবার (২০ জুন) মধ্য গাজায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত হন আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ উইশাহ। তাকে লক্ষ্য করে চালানো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি। এই ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ হিসেবেও অভিহিত করেছে তারা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। সাম্প্রতিক মাসগুলোতে তিনি ইসরায়েলি সেনাদের ওপর স্নাইপার হামলার পরিকল্পনা এগিয়ে নিচ্ছিলেন।
তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি আইডিএফ।
সংবাদকর্মী উইশাহর নির্মম মৃত্যুতে আল জাজিরা এক বিবৃতিতে বলেছে, ‘এই হত্যাকাণ্ড সব আন্তর্জাতিক আইন ও রীতির চরম লঙ্ঘন। এটি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা এবং সত্যের কণ্ঠরোধ করার ধারাবাহিক ও সুপরিকল্পিত নীতিরই বহিঃপ্রকাশ।’
গাজার একটি হাসপাতাল ও উদ্ধারকাজে নিয়োজিত নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, বুরেজ শরণার্থী শিবিরের ওই ভবনে হামলায় উইশাহ ছাড়া আরও দুজন নিহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী নিহত ওই দুজনকেও ‘হামাসের সদস্য’ বলে দাবি করেছে।
এর আগে গত এপ্রিলে গাজায় উইশাহর ভাই মোহাম্মদ উইশাহ ইসরায়েলি হামলায় নিহত হন, যিনি সেখানে আল জাজিরার সংবাদদাতা হিসেবে কাজ করছিলেন।
সেসময় আইডিএফ কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিল, মোহাম্মদ উইশাহ হামাসের রকেট ও অস্ত্র উৎপাদন সদর দপ্তরে কাজ করতেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার ৭ জন নিহত হয়েছেন।